অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জনশক্তি রপ্তানি খাতের উন্নয়নে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো দালাল চক্র। তিনি আক্ষেপ করে বলেন, পুরো খাতটিই এখন দালালদের নিয়ন্ত্রণে, যার ফলে বিদেশগামী মানুষ পদে পদে প্রতারণার শিকার হচ্ছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস জোর দিয়ে বলেন, ‘‘শ্রমশক্তি রপ্তানির পুরোটাই এখন দালাল বেষ্টিত। সাধারণ মানুষ পদে পদে দালালদের প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে যদি দালালমুক্ত করা না যায়, তবে এখানে কাঙ্ক্ষিত উন্নতি সাধন সম্ভব নয়।’’
বাংলাদেশের যুবশক্তির অপার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘বিশ্বজুড়ে এখন তারুণ্যের সংকট চলছে, অথচ আমাদের রয়েছে তারুণ্যের এক বিশাল খনি। আমাদের এই জনশক্তি সোনার চেয়েও দামি। যেহেতু অন্য কোথাও এত বিপুল তরুণ জনগোষ্ঠী নেই, তাই জনশক্তির প্রয়োজনে সারা বিশ্বকে একসময় আমাদের কাছে আসতেই হবে।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তার বক্তব্যে প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন কার্যকরী পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরেন।
শহীদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 



















