গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, নুরুল হক নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হলেও এখনও কিছু শারীরিক জটিলতা রয়েছে।
পরিচালক বলেন, নুরের মূলত চারটি সমস্যা ধরা পড়েছে। এগুলো হলো— নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে আঘাত পাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে।
তিনি আরও জানান, সিটিস্ক্যানের সর্বশেষ রিপোর্ট ভালো এসেছে। নুর এখনও কিছুটা ট্রমায় থাকলেও ধাপে ধাপে তার অবস্থার উন্নতি হচ্ছে।
ঢামেক পরিচালক বলেন, ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের চিকিৎসা চলছে। তার সার্বিক অবস্থা চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
এর আগে ৩০ আগস্ট রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। পরে ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।
ঢামেক প্রতিবেদক 






















