টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবদল নেতা উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে, মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিশ বৈঠকে বসে স্থানীয়রা। সালিশে মিঠু আকন্দ অনুপস্থিত থেকে মঙ্গলবার পুলিশ নিয়ে হাজির হন। এসময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানা থেকে ফোন করে যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামকে থানায় যেতে বলা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে থানা ওসির রুমে বৈঠক বসে। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়।
যুবদল নেতা আমিনুল ইসলামের অভিযোগ, রুম থেকে বেরিয়ে আসার পর আরেকটি রুমে নিয়ে এসআই রাসেল তাকে সজোরে থাপ্পড় দেন। এতে তিনি আহত হয়েছেন ও কানে শুনতে পাচ্ছেন না।
এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত এসআই রাসেলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এসআই রাসলের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানবো।
টাঙ্গাইল প্রতিনিধি 























