রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে রামেক হাসপাতালের দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে এবং সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।
মৃত দুই রোগী হলেন- রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫) এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে- ডেঙ্গু জ্বর নিয়ে গত ১৭ আগস্ট থেকে রাফিয়া এবং ১৯ আগস্ট থেকে আইয়ুব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই নেওয়া হয়েছিল আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া বেগম ভোররাত সাড়ে ৪টার দিকে মারা যান। আর আইয়ুব মারা গেছেন সকাল ৭টা ৪০ মিনিটে। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
নিজস্ব প্রতিবেদক 























