লক্ষ্মীপুরের কমলনগরের করইতলা থেকে ইসলামগঞ্জ পর্যন্ত চার কিলোমিটার সড়ক এখন প্রতিদিনের দুর্ভোগের প্রতিশব্দে পরিণত হয়েছে। বড় বড় গর্ত, খানাখন্দ আর উঁচু-নিচু উত্থান-পতনের কারণে পথচারী, রিকশা ও সিএনজি চালকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
প্রতিদিন শত শত স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ সড়ক দিয়ে চলাচল করেন। বেহাল সড়কের কারণে তাদের নিরাপদ যাতায়াত প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বর্ষা ও ঝড়ের মৌসুমে এই দুরবস্থা আরও তীব্র হয়।
স্থানীয়দের অভিযোগ, গত এক বছরে সড়কের অবস্থা ভয়াবহভাবে খারাপ হয়েছে। শুধু চলতি বছরেই এখানে ৩০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা রাশেদ আহমেদ বলেন, এ পথে চলাচল করা সত্যিই দুঃসাধ্য। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপদে পড়েন। সড়কটির দ্রুত সংস্কার প্রয়োজন।
রিকশাচালক জাহিদুল ইসলাম জানান, প্রতিদিনই খানাখন্দে পড়ে গাড়ি নষ্ট হয়। যাত্রীরাও পড়েন বিপদে। প্রতিটি যাত্রাই যেন এক নতুন চ্যালেঞ্জ।
এ বিষয়ে জানতে উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল কাদের মোজাহেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লক্ষ্মীপুর প্রতিনিধি 























