নরসিংদীর বেলাবতে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাব উপজেলাকে আলাদা “সংসদীয় আসন চাই” দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ আগষ্ট) বিকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর বাজারে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিমনগর বাজার পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির সদস্য মুফতি আবুল কালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি,স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান,আওলাদ হোসেন,সহ প্রমুখ।
বেলাবো উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি বলেন, বেলাবো উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা,অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাব উপজেলা একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার সব যোগ্যতা রাখে। বর্তমানে বেলাবো উপজেলা নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের অন্তর্ভুক্ত।কিন্তু দীর্ঘদিন ধরে বেলাব উপজেলার জনগণ দেখে আসছে বিভক্ত আসনের কারণে উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, জনগণের চাহিদা ও সমস্যাগুলো জাতীয় সংসদে সরাসরি পৌঁছায় না। বেলাবো উপজেলার রয়েছে প্রায় দেড় লক্ষাধিক ভোটার, একাধিক গুরুত্বপূর্ণ বাজার,শহর,শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা,স্বাস্থ্য,কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান এমন একটি জনবহুল ও সম্ভাবনাময় উপজেলা দীর্ঘদিন ধরে নিজস্ব সাংসদবিহীন থাকার ফলে স্থানীয় উন্নয়ন বারবার উপেক্ষিত হয়েছে।
বেলাব উপজেলা প্রতিনিধি 























