গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে রাজবাড়ীর পাংশায় শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
রবিবার পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র্যালিটি প্রেসক্লাবের সামনে মালেক প্লাজা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় স্থানীয় ও জেলার সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে র্যালিতে অংশ নেন।
পরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি এম.এ জিন্নাহ এবং সঞ্চালনা করেন বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদ।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির (বিডি২৪লাইভ ও দৈনিক যায়যায়দিন), কাজী সেলিম (সহসম্পাদক, দৈনিক কুষ্টিয়ার কাগজ), প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম হোসেন (দৈনিক কালবেলা), মিঠুন গোস্বামী (নিউজ২৪), এস কে পাল সমীর (দৈনিক রাজবাড়ী কণ্ঠ), সাকী মাহবুব (দৈনিক নয়াদিগন্ত), আল-আমিন হোসেন (এশিয়ান টিভি), রাকিবুল ইসলাম (দৈনিক আমার সংবাদ) প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক, অথচ গাজীপুরে সেই বিবেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সরকারের দমননীতির বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। একের পর এক সাংবাদিক হত্যা ও হামলা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।
এ সময় চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শাহীন রেজা, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক চিত্রের প্রতিনিধি উজ্জল হোসেন, জসিম উদ্দিন, সাম্পান মাহমুদ, নয়া বাংলাদেশ টিমের শাহীন, দৈনিক জয়সাগরের জেলা প্রতিনিধি রেবা খাতুন, কালুখালীর আদম আলীসহ পাংশার সকল সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পাংশা উপজেলা প্রতিনিধি 























