বরিশাল বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সি.আর.সি) ফাউন্ডেশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে মোহাম্মদ রিফাত খান কে সভাপতি এবং নাজমুস সাফায়েত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার সি.আর.সি ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে সুমাইয়া ইসলাম সারা, সহকারী সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক মনোয়ার শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাফর সাদিক সহ আরও অনেকে বিভিন্ন দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রিফাত খান বলেন, ‘এই কমিটির মাধ্যমে আমরা পথশিশুদের জন্য আরও কার্যকর উদ্যোগ নিতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাজসেবায় আরও বেশি সম্পৃক্ত করতে চাই। পথশিশুরা যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা সবাই মিলে কাজ করব।” সাধারণ সম্পাদক নাজমুস সাফায়েত বলেন, “শুধু এক বছরের জন্য নয়, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। পথশিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে চাই। আমাদের লক্ষ্য হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের তরুণদের এই সামাজিক কাজে উদ্বুদ্ধ করা, যেন সবাই একসঙ্গে পরিবর্তনের অংশ হতে পারে।’
সি.আর.সি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পথশিশুদের উন্নয়নে কাজ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি পথশিশুদের জন্য শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি 
























