প্রকাশ্যে মিছিল করে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোজাহিদকে জবাই করার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আজ মানববন্ধন করেছেন। সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, গাজীপুরের শ্রীপুরে ভোটার হালনাগাদ কার্যক্রমে টাকার বিনিময়ে মিলছে সিরিয়াল এমন সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানা ভবন এলাকায় ছাত্রদলের মিছিলে ওই সাংবাদিককে জবাই করার স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে গত শুক্রবার সকালে শ্রীপুরে এবং আজ গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিলে নেতাকর্মীরা স্লোগানে বলছেন, একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, এক একেকজন মোজাহিদ শত শত জনতার সমান। আপনারা কজন মোজাহিদকে জবাই করবেন? মোজাহিদদের কলম কখনো থামবে না। এসময় তারা হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এম এ হোসেন, গাজীপুর 





















