বাউফলের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলমান থাকলেও এখনো সরকারি খাদ্য সহায়তা পাননি জেলেরা। গত ১ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়। জারি থাকবে আগামী দুই মাস।
নিষেধাজ্ঞার শুরুর আগেই জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল, তবে (০৭) দিন অতিবাহিত হলেও চাল না পাওয়ায়
চরমদুর্ভোগের মধ্যে রয়েছেন তারা।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বাউফলের তেঁতুলিয়া নদীর ৪০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই উপজেলায় মোট ৬ হাজার ৫২১ জন নিবন্ধিত জেলে রয়েছেন।
নিষেধাজ্ঞার সময় জেলেরা চার কিস্তিতে ৪০ কেজি করে, মোট ১৬০ কেজি চাল খাদ্য সহায়তা পাওয়ার কথা। তবে এক সপ্তাহ পার হয়ে গেলেও তারা এখনো খাদ্য সহায়তার চাল পাননি বলে অভিযোগ করেছেন।
জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারায় তাদের কোনো আয় নেই। বিকল্প আয়ের উৎস না থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই ঋণ করে দিন কাটাচ্ছেন।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের জলিল নামে এক জেলে বলেন, ‘প্রতি বছর সরকার খাদ্য সহায়তা দেয়, কিন্তু এবার আমরা এখনো কিছুই পাইনি। নিষেধাজ্ঞার শুরু থেকেই চাল পাওয়ার কথা ছিল। এখন এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনও কোনো খবর নেই। আমরা কীভাবে চলব?’
সোহাগ নামে আরেক জেলে বলেন, ‘আমাদের তো কোনো আয় নেই। বাজারে সব জিনিসের দাম বেশি। সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। সরকার যদি দ্রুত চাল না দেয়, তাহলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে।’
এ বিষয়ে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ঝান্টা বলেন, ‘জনবলের অভাবে সহায়তা প্রদানে দেরি হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে জেলেদের সহায়তা প্রদান করা হবে।’
মোঃ রুবেল হোসেন বাউফল উপজেলা প্রতিনিধি 























