রমজান মাস—রহমত, মাগফিরাত ও নাজাতের অপার সৌন্দর্যে ভরা। এটি আত্মশুদ্ধি ও ইবাদতের মাস, যা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য নিয়ামত। রমজানের আগমনে সবার মধ্যে তৈরি হয় নতুন এক আমেজ। রমজান মাস মানেই পরিবারের সঙ্গে ইফতার, সেহরি আর আত্মীয়-স্বজনের সান্নিধ্যে থাকা।
কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই এই সময়টায় রয়েছেন পরিবার থেকে দূরে, হলে বা মেসে। রমজান চলমান থাকলেও এখনো বিশ্ববিদ্যালয়ে ছুটি হয়নি, তাই বাসার বাইরে থেকেই কাটছে শিক্ষার্থীদের রমজানের দিনগুলো। অনেকের জীবনে এটাই প্রথম রমজান পরিবার ছাড়া কাটছে। বন্ধু ও সহপাঠীদের সঙ্গে ইফতার করতে আনন্দ থাকলেও অনেকের মনে কষ্টও রয়েছে। পরিবারের সঙ্গে ইফতার বা সেহরিতে অংশ নিতে না পারায় তারা নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন।
পরিবার ছাড়া রমজান কেমন কাটছে? জানতে চাইলে—
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুন কেয়া বলেন, “পরিবার ছাড়া রমজান মাস কীভাবে ভালো কাটবে? সত্যি বলতে, আমার ভালো কাটছে না। ব্যস্ততা, প্রেশার—সব মিলিয়ে পরিবার থেকে অনেকদিন দূরে আছি, তাই সবার কথা খুব মনে পড়ছে। বিশেষ করে সেহরি ও ইফতারের সময় এতটাই মনে পড়ে যে তা ভাষায় প্রকাশ করা কঠিন।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী চৈতী আক্তার বলেন, “পরিবার ছাড়া এটাই আমার প্রথম রমজান, পরিবার থেকে দূরে। একা সেহরি, একা ইফতার—সবকিছু চলছে, কিন্তু আবেগের সেই উষ্ণতা নেই। আব্বুর ভালোবাসায় সাজানো ইফতার, আম্মুর মমতায় ভরা আহ্বান—এসবের অভাব গভীরভাবে অনুভব করি। পছন্দের খাবার ঠিকই জুটছে, কিন্তু সেই যত্ন, সেই ভালোবাসার স্বাদ কোথায়? পেট ভরছে, কিন্তু মন ভরছে না। তবু বিশ্ববিদ্যালয়ের দিনগুলো বেশ উপভোগ করছি, কারণ জীবন নতুনভাবে টিকে থাকতে শেখাচ্ছে।”
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ জিসান বলেন, “পরিবারকে খুব মিস করছি। পরিবারের অভাব আসলে কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এবারই প্রথম রমজান পরিবার ছাড়া কাটছে, চেষ্টা করছি মানিয়ে নেওয়ার। তবে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে রমজান কাটছে, এটাও অন্যরকম একটা অভিজ্ঞতা। সব মিলিয়ে খুব একটা খারাপ লাগছে না।”
রমজানের মতো পবিত্র মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা উচিত, যেন শিক্ষার্থীরা ইবাদতে মনোযোগী হতে পারে। অথচ ঠিক এই সময়েই সেমিস্টার ফাইনাল, প্রেজেন্টেশন, মিড, অ্যাসাইনমেন্টের চাপ শিক্ষার্থীদের ইবাদতের প্রশান্তি কেড়ে নিচ্ছে।
পরিবারই হলো প্রশান্তির সবচেয়ে বড় আশ্রয়। মা-বাবার সান্নিধ্য ছাড়া রমজানের শান্তি যেন অপূর্ণ থেকে যায়।
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি 




















