নওগাঁর আত্রাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বেড়েছে দইয়ের চাহিদা। নিজেদের প্রয়োজন ও আত্মীয়স্বজনের আপ্যায়নে মানুষ দই কিনছেন। দই কিনে ক্রেতারা ঠকছেন বলে অভিযোগ উঠেছে। আড়াই কেজি দইয়ের ওজনে হাঁড়ি বাবদ ৩০০ গ্রাম বাদ দেওয়ার কথা। কিন্তু হাঁড়ির প্রকৃত ওজন থাকছে প্রায় ১ কেজি। এতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
স্থানীয় ক্রেতারা জানান, ২৪০ টাকা দিয়ে ২ কেজির দই কিনলে মাটির হাঁড়ির ওজন বাবদ সাধারণত ২০০ গ্রাম বাদ দেওয়া হয়। কিন্তু হাঁড়ির ওজন থাকে প্রায় ১কেজি। স্থানীয়রা বলেন, প্রশাসন যদি বিভিন্ন হাটবাজারে এ বিষয়ে তদারকি করে জরিমানা করে, তাহলে এই অনৈতিক কাজগুলো অনেক কমে যাবে।
উপজেলার ভবানীপুর বাজারে দই কিনতে আসা স্থানীয় বাসিন্দা মো,আব্দুল মজিদ মোল্লা বলেন, ১২০ টাকা কেজি দরে দই কিনলাম। আর দুই কেজির দইয়ের হাঁড়ির ওজন প্রায় ১ কেজি ওজন ছিল। এতে করে ঠকতে হয়েছে। বাড়তি লাভ গুনেছেন বিক্রেতা। প্রশাসনের কোনো তদারকি নেই। এ জন্য বিক্রেতারা আমাদের ঠকাচ্ছেন।
বান্দাইখাড়া বাজারে কথা হয় রবিউল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে। দই কেনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা দই কিনে প্রতিনিয়তই ঠকছি। এরপরেও আমাদের দই কিনতে হচ্ছে। কারণ, পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ইফতারে আত্মীয়রা বাড়িতে আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন বলেন, ‘বাজার তদারকি করছি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে করে সবার সহযোগিতা কামনা করছি।
আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) 























