আগারগাঁও, ঢাকা: এসএমই ফাউন্ডেশন ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ সাইবার সিকিউরিটি সচেতনতা কর্মশালা ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সকাল ৯:৩০ থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত পর্যটন ভবনের লেভেল-৭ এ অবস্থিত এসএমই ফাউন্ডেশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জাইকা’র প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, জনাব আনোয়ার হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (নারী উদ্যোক্তা উন্নয়ন, ক্লাস্টার উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রযুক্তি উন্নয়ন) ফারজানা খান এবং উপমহাব্যবস্থাপক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মোঃ মোস্তাফিজুর রহমান। সাইবার সিকিউরিটি সচেতনতা কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা।
এই কর্মশালার মূল লক্ষ্য এসএমই উদ্যোক্তাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে সাইবার ক্রাইম বিষয়ে ধারণা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তায় সক্ষমতা উন্নয়ন। কর্মশালায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, প্রশিক্ষক ও অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য নানা প্রশিক্ষণ ও পরামর্শ সেবা দিয়ে আসছে। অপরদিকে JICA বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই যৌথ উদ্যোগ দুই সংস্থার অভিজ্ঞতা ও সম্পদের সমন্বয়ে নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
হাসান মাহমুদ ,স্টাফ রিপোর্টার 























