কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে বিক্রি করে দেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
এ সময় ৭ টি অটোরিকশা, ৪ টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোঃ শহিদুল ইসলাম ওরফে জাবেদ(২৬) মোঃ শরীফ (২৫), মোঃ রুবেল (২৮), চৌদ্দগ্রাম উপজেলার মোঃ আমির হোসেন (৩২) ও মোঃ সোহাগ হোসেন (২৫)। গেলো কয়েকদিন ধরে কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন , গ্রেফতারকৃতরা গত ১৭ ই মে কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার পড়ান নামে এক অটো রিক্সা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
পুলিশ সুপার আরো জানান, এ চক্রের মূলহোতারা চোরাই অটোরিকশা কমদামে কিনে দ্রুত রং পরিবর্তন করে বিক্রি করতো। এই চক্রের ৫ জন গ্রেফতারের ঘটনায় মূলহোতারা আত্মগোপনে আছে। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, কুমিল্লা কোতওয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, সদর সার্কেল কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়াসহ প্রমুখ।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ 






















