রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। পরে বেলা ১১টার পর আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হয়েছে।
তারিকুল ইসলাম তারিক-পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 



















