ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর স্ত্রীর নাম ঝরনা বেগম (৪৮)। তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম ফজরের নামাজ আদায় করে ভোরে প্রাতর্ভ্রমণে বের হন। তাঁরা জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হেঁটে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছান। এ সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে যান।
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাঁদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাতনামা গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হবে।
মো. মাহফুজ আনোয়ার- জেলা প্রতিনিধি, কুমিল্লা 



















