ডিজিটাল দুনিয়ায় পা রাখলেন বলিউডের ভাইজান সালমান খান। বর্তমানে ‘বিগ বস’ নিয়ে আলোচনায় থাকা এই তারকা নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলেছেন। তাঁর এই উদ্যোগ ভক্তদের মধ্যে কৌতূহল ও উন্মাদনা তৈরি করেছে।
চ্যানেলটির নাম ‘বিয়িং দ্য সালমান খান’। চ্যানেলটি চালুর পর দর্শকদের কাছ থেকে পাওয়া উষ্ণ প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা।
তবে চ্যানেলটি চালুর পর এর কনটেন্ট কাদের জন্য, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার অবসান ঘটিয়েছেন সালমান নিজেই। তিনি স্পষ্ট করেছেন, এসব ভিডিও আপাতত বড়দের জন্য নয়; বরং ছোটদের আনন্দ ও শেখার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি, কনটেন্টটি হয়তো এই মুহূর্তে আপনাদের জন্য নয়। তবে আপনাদের বুঝতে হবে, এটি আপনাদের ছোট সোনামণিদের জন্য।’
চ্যানেলটির মূল ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে সালমান আরও বলেন, ‘দেখা যাক, এটি কীভাবে এগোয়। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি একটু হাসি-মস্করা, ভালোবাসা এবং পারিবারিক শিক্ষাটাও জরুরি, তাই না?’
সালমানের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রচলিত সেলিব্রিটি ভ্লগের বাইরে গিয়ে শিশুদের উপযোগী শিক্ষামূলক ও বিনোদনধর্মী কনটেন্ট উপহার দিতে চান তিনি। এর মাধ্যমে শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ শেখানোরও পরিকল্পনা রয়েছে তাঁর।
বিনোদন ডেস্ক 
























