স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের বক্তব্য শেষে নিজের বক্তব্য দিতে গিয়ে মাত্র তিন মিনিটে তাকে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানও প্রায় এক মিনিটে ১০ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার বক্তব্য শেষে কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে এই বিড়ম্বনা হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী মাদক, জুয়া, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজ খান রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক 





















