পটুয়াখালীতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া, প্রবাসে উপার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ এবং পরবর্তীতে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এক সৌদি প্রবাসী। এ সময় তার সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন ‘বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন’এর পটুয়াখালী জেলা শাখার নেতাকর্মীরা।
মানববন্ধনে ওই প্রবাসী স্বামী অভিযোগ করেন, সৌদি আরবে অবস্থানকালে প্রায় দুই বছর ধরে তিনি তার উপার্জনের অর্থ স্ত্রী ফারজানা আক্তার মিমের ব্যাংক হিসাবে পাঠাতেন। পরে তার স্ত্রী রুহুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার কষ্টার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ঘটনার পর আইনি পদক্ষেপ নেওয়া হলে আদালত থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় এবং রুহুল আমিনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরবর্তী সময়ে তার স্ত্রীকে ঘিরেও আইনি জটিলতা তৈরি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে তার স্ত্রী অন্যত্র বিয়ের উদ্যোগ নেন। পুলিশ তাকে আটক করার পর ১৩ দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। ওই মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রেই একতরফাভাবে কাউকে দায়ী না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন। একই সঙ্গে প্রবাসীদের উপার্জিত অর্থ ও সম্পদের নিরাপত্তা এবং মিথ্যা মামলার অভিযোগ যথাযথভাবে তদন্তের দাবি জানান তারা।
কর্মসূচি থেকে ভুক্তভোগীর অভিযোগের সুষ্ঠু তদন্ত, আত্মসাৎ করা অর্থ ও সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মিম কিংবা রুহুল আমিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক 



















