‘রুখবো মাদক, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি কুমিল্লা রেলস্টেশন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলস্টেশনে এসে শেষ হয়।
এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর প্রধান সড়কগুলো।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘মাদকবিরোধী আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘এ্যাকশন টু এ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও দেশকে রক্ষায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ জোরদার করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 


















