বৈদেশিক কর্মসংস্থানে ঝুঁকি হ্রাস, প্রতারণা প্রতিরোধ এবং যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এ সেমিনারটি টিটিসির প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, সঠিক তথ্য না জেনে কিংবা দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে গিয়ে অনেকেই প্রতারণা ও নানা ধরনের মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছেন। এ থেকে উত্তরণে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাত্রা এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বর্তমানে তথ্যপ্রযুক্তি, মেকানিক্স, ড্রাইভিং, কনস্ট্রাকশনসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীদের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষতা অর্জন করে বিদেশে গেলে একদিকে যেমন ভালো আয় করা সম্ভব, অন্যদিকে নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করা যায়।
পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়া উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
এ সময় পৌর বিএনপির সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিদেশগমনেচ্ছু তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসন, ভিসা যাচাই, বৈধভাবে বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও সরকারি সহায়তা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেন। এ সময় নিরাপদ অভিবাসন ও সরকারি সহায়তা কেন্দ্রের তথ্যসংবলিত প্রচারপত্র বিতরণ করা হয়।
সেমিনারের শেষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 



















