রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফায়েত আহমেদ হিদয় (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হলেও ট্রাকের ভেতর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মমিনপুর মিলেরপার এলাকার জহুড়িয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফায়েত আহমেদ হিদয় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি তার বাবার সঙ্গে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রংপুর থেকে বদরগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলটি মমিনপুর মিলেরপার এলাকায় পৌঁছায়। এ সময় একটি অটোকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের চালক ট্রাকের ভেতরে ঢুকে যান। আর পেছনে থাকা রিফায়েত ছিটকে পড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফায়েত আহমেদ হিদয়কে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও সাবেক ইউপি সদস্য জিয়ারুল ইসলাম বলেন,আমার চোখের সামনে এমন দুর্ঘটনা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমরা ট্রাকের ভেতরে মোটরসাইকেলের চালককে দেখতে পাই। তার মাথার হেলমেটটি আটকে ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বের করে আনা হয়। অন্য ছেলেটিকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রংপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শফিউল মন্ডল (রংপুর) প্রতিনিধি 



















