কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রির অভিযোগে মো. ইসমাইল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) ডিএমএ মজিদ ও এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় ইঞ্জিনিয়ার আনিস সাহেবের ‘মাতৃছায়া’ বাড়ির সামনে মিরপুর-ব্রাহ্মণপাড়া সড়কে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশাটি জব্দ এবং এর চালক মো. ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুশরী (টান মুশরী) এলাকার মো. মিজান মিয়ার ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে।
উপজেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
পারভেজ আলম 


















