রংপুরের বদরগঞ্জে মিনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গুয়াতীপাড়া গ্রামে স্বামী রমজান আলীর বাড়ি থেকে মিনি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিনি আক্তার ওই গ্রামের বাসিন্দা রমজান আলীর (৩৬) স্ত্রী। রমজান আলী পেশায় অটোভ্যানচালক। তাদের আট মাস ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
মৃতের এক ফুফাতো বোন অভিযোগ করে বলেন,আমার বোনকে রমজান মারধর করে হত্যা করেছে। পরে গলায় ফাঁস দিয়ে রেখেছে। আমরা এ ঘটনার বিচার চাই। তিনি আরও দাবি করেন, রমজান আলীর অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল এবং তিনি রাতে অটোভ্যান চালাতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রমজান আলীকে বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তার বিরুদ্ধে হত্যার অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকেও থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শফিউল মন্ডল (রংপুর) প্রতিনিধি 




















