গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বাইদগ্রাম বাজার থেকে দরবারিয়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়কটি আরসিসি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নেওয়া এ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে সড়কটির আরসিসি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গাজীপুর জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় সড়কটির উন্নয়ন করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ ৫৫ হাজার টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিএনপির জেলা সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা, সদস্য সচিব শফিকুল ইসলামসহ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আরসিসি করণ কাজ শেষ হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।
আকাশ আহমেদ তারা। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 


















