জামালপুরের মাদারগঞ্জে রাজনীতি ছেড়ে বাকি জীবন কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চান বলে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ গোলাম রব্বানী নামে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেতা। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি।
গোলাম রব্বানী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়ার বাসিন্দা। তিনি আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক।
জানা গেছে, আশির দশক থেকে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে রাজনীতির সঙ্গে জড়িত হন গোলাম রব্বানী। পরে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ৩ বারের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, সর্বশেষ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই।
পদত্যাগের বিষয়টি নিয়ে মোহাম্মদ গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি ২০১৮ সালে পবিত্র হজ পালনের সময় কাবাঘর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম রাজনীতি থেকে বিদায় নেব। কারণ, রাজনীতি আমার জন্য না। এতদিন পদত্যাগ না করতে পারলেও আজ করলাম। আমি আওয়ামী লীগের আমলেও অআনুষ্ঠানিকভাবে রাজনীতিক কর্মকাণ্ড থেকে বিদায় নিয়েছি।
তিনি বলেন, সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না। এতদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারিনি। এখন সুযোগ হয়েছে। তাই রাজনীতি থেকে বিদায় নিলাম। বাকি জীবন আমি কোরআন-সুন্নাহ মোতাবেক চলতে চাই। এ নিয়ে কেউ অহেতুক বিভ্রান্ত হবেন না। আমি যা করেছি, সজ্ঞানে করেছি।
নিজস্ব প্রতিবেদক 


















