“সবুজে অরণ্যে ভরে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ফলজ, বনজ ও ভেষজ চারাবিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নাটোর সদর পৌর এলাকার সর্বসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির এসব বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুল হক ডিউক।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আসাদুজ্জামান আসাদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির চেয়ারম্যন জনাব তারেক রহমানের এই ২৫ কোটি বৃক্ষরোপণের মহতী উদ্যোগকে সফল করতে নাটোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৃণমূলে কাজ করে যাচ্ছে।” পরবর্তীতে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এস এম আইনুল হক, রাজশাহী ব্যুরো 



















