ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বিধবা নারীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে।হামলায় ওই নারীর বাম হাত ও বুকের হাড় ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহত রহিমা বেগম উপজেলার ওসমানগঞ্জ গ্রামের মৃত আমিনুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত কালাম মাঝি ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে স্বামীর রেখে যাওয়া বাড়ি ও জমিতে বসবাস করে আসছেন রহিমা বেগম। অভিযোগ রয়েছে, ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে কালাম মাঝি বিভিন্নভাবে তাঁকে চাপ দিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে নিজ বাড়ির নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে কালাম মাঝি তাঁর ছেলেদের নিয়ে রহিমা বেগমের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হলে তাঁর বাম হাত এবং বুকের একটি হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
আহত রহিমা বেগম বলেন,
“স্বামীর রেখে যাওয়া সম্পত্তিই আমার একমাত্র অবলম্বন। সেই সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। আজ নারিকেল পাড়তে গেলে তারা আমাকে বেধড়ক মারধর করেছে। আমি এই ঘটনার বিচার চাই।”
স্থানীয়রা আহত রহিমা বেগমকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তাঁর প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, রহিমা বেগমকে মারধরের ঘটনাটি সত্য। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত কালাম মাঝির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিধবা রহিমা বেগমের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রিয়াজ ফরাজী 




















