রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন-এর পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাদ জোহর উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নে তাঁর নিজ গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাংবাদিক আনজারুল হক দীর্ঘ প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয় দৈনিক বাংলাবাজার ও স্থানীয় যুগের আলো পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি দৈনিক মানবজমিন ও স্থানীয় প্রথম খবর পত্রিকায় কর্মরত ছিলেন।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দৈনিক দিনকাল-এর রংপুর ব্যুরোপ্রধান সালেকুজ্জামান সালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সম্পাদকসহ সদস্যবৃন্দ, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) 




















