মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন-২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়েছে। এতে পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি এবং সঞ্চালনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান।
সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন সদর ট্রাফিকের টিএসআই মো. আব্দুল মোতালিব এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচিত গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন ও তিন আসামিকে গ্রেপ্তারের সফলতার জন্য সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিশেষ পুরস্কার লাভ করেন। এছাড়া ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে সফলতার জন্য এসআই শিপু কুমার দাস বিশেষ পুরস্কারে ভূষিত হন। আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এএসআই শফিকুল ইসলাম ও এএসআই সাইদুর রহমান-কেও বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজাদ বাহার জামালী, বড়লেখ (মৌলভীবাজার) প্রতিনিধি 




















