জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি ঘিরে আলোচনা সভা ও র্যালির পাশাপাশি উপকারভোগীদের মধ্যে ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় এ আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পল্লী উন্নয়নে সমবায় ও ক্ষুদ্রঋণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ২৫ লাখ টাকার ঋণচেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া পরিবেশ রক্ষায় সদস্যদের মাঝে ৪০০টি গাছের চারা দেওয়া হয়।
কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে চারা ও খাবার বিতরণের সময় কিছু সদস্যের মধ্যে তাড়াহুড়োকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দেয়। নির্ধারিত নিয়মে বিতরণ শুরু হওয়ার আগেই কয়েকজন সদস্য চারা নেওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে উপস্থিত উপকারভোগীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
পরে পল্লী উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। এরপর নিয়ম মেনে বিতরণ কার্যক্রম পুনরায় চালু করা হয়।
আকাশ আহমেদ তারা-কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 




















