কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলা প্রশাসন’ ও ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণপাড়া’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ জসীম উদ্দিন বলেন, “কৃষকরাই এ দেশের মূল চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের হাত ধরেই একটু একটু করে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাই কৃষকদের কোনোভাবেই অবহেলা করা চলবে না। কৃষি অফিসের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন পরামর্শ দিয়ে তাদের আরও স্বাবলম্বী করে তুলতে হবে।”
কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রজেক্ট’ (বি-স্ট্রং)-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে এই আধুনিক কৃষি যন্ত্রপাতি (পাওয়ার টিলার, রিপারসহ অন্যান্য সামগ্রী) বিতরণ করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবদুল মতিন এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, এবং সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষি যন্ত্রপাতি ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন।
ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি 



















