রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জিএম কাদের।
আজ (মঙ্গলবার) ২৩ জুন এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
তিনি বলেন, “সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি রাষ্ট্র যদি নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তবে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
জিএম কাদের আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবাধ ও নিরাপদভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা না গেলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি হামলার শিকার সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
শহীদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 























