শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পের আওতায় দুটি সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে সরকারি বরাদ্দের বাইরে নিজস্ব অর্থায়নে অতিরিক্ত ৫৮৪ ফুট রাস্তা নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন বাস্তবায়ন প্রকল্প কমিটির সভাপতি এস এম মেজবাহ উদ্দিন সরদার।
২০২৫–২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় আরশিনগর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে কাবিটা প্রকল্পের মাধ্যমে সড়ক নির্মাণ করা হয়েছে।
৮ নম্বর ওয়ার্ডে প্রকল্পের আওতায় ১ হাজার ৫০০ ফুট সড়ক নির্মাণের পাশাপাশি স্থানীয় মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে আরও ৫৮৪ ফুট রাস্তা নির্মাণ করেন বাস্তবায়ন প্রকল্প কমিটির সভাপতি এস এম মেজবাহ উদ্দিন সরদার। প্রকল্পের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন রিপন মৃধা।
অন্যদিকে, ৭ নম্বর ওয়ার্ডে টেকেরহাট মসজিদ থেকে সিটুর ট্যাক পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ ফুট সড়ক নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। এ কাজের সভাপতিত্ব করেন সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হক নান্টু মালত এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক আবুল কালাম।
এস এম মেজবাহ উদ্দিন সরদার আমাদের মাতৃভূমি কে বলেন।
”জনগণের চলাচলের সুবিধাই আমাদের মূল লক্ষ্য। তাই সরকারি বরাদ্দের বাইরে নিজস্ব অর্থায়নে অতিরিক্ত ৫৮৪ ফুট রাস্তা নির্মাণ করেছি। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভবিষ্যতেও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।
স্থানীয়রা বলছেন, নতুন সড়ক নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই দূর হয়েছে। এখন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়েছে। বর্ষা মৌসুমেও যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো থাকবে বলে আশা করছেন তারা।
সখিপুর থানা যুদলের সহ-সভাপতি
আফজাল হোসেন বালা বলেন,
”সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণের বরাদ্দে নির্মিত এই সড়কগুলো এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে। আগামী এক বছরের মধ্যে আরশিনগরে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।
সরকারি উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অতিরিক্ত সড়ক নির্মাণ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে আরশিনগর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও টেকসই হবে।
আতিকুর রহমান-ক্রাইম রিপোর্টার শরীয়তপুর 




















