নওগাঁর পোরশা থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজা ও ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় ১২ জুন রাত আনুমানিক ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় অফিসার ইনচার্জের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর এলাকার নিজ বসতবাড়ি থেকে ১ কেজি শুকনা গাঁজাসহ মোছাঃ পারুল বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
একই রাতে পরিচালিত দ্বিতীয় অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে অপর এক ব্যক্তির বসতবাড়ির সামনের জমি থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা ৭ ফুট, একটির ৬ ফুট, অপর দুটি যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। গাছগুলোর মোট ওজন ৪ দশমিক ৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পোরশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ 



















