গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপের হেলপার। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশুলিয়া থেকে কারখানার মালামাল বোঝাই করে একটি পিকআপ গোড়াইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরের ব্যস্ত সময়ে পিকআপটি গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে চলন্ত একটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে চাপা দিলে মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় দুর্ঘটনাটি। বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখতে পান, পিকআপটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপ চালক নাসির উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তার সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আকাশ আহমেদ তারা-কালিয়াকৈর গাজীপুর (প্রতিনিধি) 





















