নওগাঁর ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। ভুক্তভোগীর দাদি মামলা দায়ের করার পরপরই অভিযুক্তকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী চলতি বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়িতে মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান আবুল মঞ্জুর মিঠু। ঘটনাটি পরিবার ও প্রতিবেশীদের মাঝে জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর দাদি (অভিযুক্তের মা) আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মিঠুকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার দুপুরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ জানান, “অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ জেলা প্রতিনিধি,আব্দুল মজিদ মল্লিক 


















