“করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন জেলা তথ্য অফিস, ফরিদপুর।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, অমিত সরকার, শেখ শাহীন,সহ সংগঠনের অন্যান্য সাংবাদিক বৃন্দ,ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ হায়দার খানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন সরকারের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক সামাজিক নিরাপত্তা ও মানবিক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত “ফ্যামিলি কার্ড” কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অগ্রাধিকার তালিকায় রয়েছে ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, হিজড়া ও বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এক একর বা তার কম জমির মালিক, অতি দরিদ্র নারী-প্রধান পরিবার এবং দুর্যোগপ্রবণ এলাকার মানুষ।
তিনি আরও জানান, ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এ পর্যায়ে মোট ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ব্রিফিং এ সরকারের দায়িত্ব গ্রহণ থেকে এ পর্যন্ত সকল কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়।
শেখ ফয়েজ আহমেদ-ফরিদপুর প্রতিনিধি 

























