‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২৬’ উপলক্ষে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা), জেলা তথ্য কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা কৃষি কর্মকর্তা এবং জেলা সমাজসেবা কর্মকর্তা, অধ্যক্ষ (ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ) সহ সিভিল সার্জন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। ২০২৬ সালের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হলো: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলাম বলেন, “ সুস্থ ও সবল জাতি গঠনে আগামী প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্য সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। জাতীয় পুষ্টি সপ্তাহের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বক্তারা বলেন –
– সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই।
– পুষ্টি কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
– আগামী প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সুষম পুষ্টি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
– জনস্বাস্থ্য রক্ষায় সঠিক পুষ্টিজ্ঞান এবং খাদ্যাভ্যাস পরিবর্তন অপরিহার্য।
উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ২৪ জন শিক্ষার্থী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর প্রতিনিধি 






















