পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৬) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সদারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জজ কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি মাড়েয়ার উদ্দেশ্যে রওনা দেন সোলায়মান হক। পথে সদর উপজেলার আহমদনগর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং পলাতক চালক ও তার সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আনিসুর রহমান মানিক, পঞ্চগড় জেলা প্রতিনিধ। 



















