সিলেটের গোয়াইনঘাট কিন্ডারগার্টেনে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়ে বিকেল ২টায় সমাপ্তি ঘটে।
গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের আয়োজনে এবং প্রধান শিক্ষক আলীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিদ্যালয়ের প্রিন্সিপাল ওমর ফারুক।
এ সময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের আলোচনা পর্বে অভিভাবক ও শিক্ষকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তারা শ্রেণিকক্ষের সিলিং মেরামত, প্রয়োজনীয় চেয়ার-টেবিলের সংকট নিরসন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিদ্যালয়ের আয়ের স্থায়ী উৎস তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য বিদ্যালয়ের সামনে একটি স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার অধিকারী উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের সম্মানির বিষয় এবং বিশুদ্ধ পানির সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তৎকালীন ইউএনও জনেন্দ্রনাথ সরকারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের প্রাণচঞ্চল উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সংবাদ শিরোনাম ::
খেলাধুলা ও সংস্কৃতির মিলনে গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বর্ণিল আয়োজন
-
শামীম আহমদ, স্টাফ রিপোর্টার- সিলেট: - আপডেট সময় ০৬:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- ৫৬৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























