স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বৃহত্তর বরিশাল বিভাগের ছয় জেলার অন্তর্ভুক্ত ওয়েডিং প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার ক্রমান্বয়ে ক্ষমতাধর হয়ে উঠছেন বলে জানা গেছে।
তিনি বর্তমান প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেনের অনেক অনুরোধ রাখছেন না বলে অভিযোগ উঠেছে।
এলজিইডি সূত্রে জানা যায়, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ঝালকাঠি জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে সাবেক প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার মাধ্যমে এলজিইডির বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ওয়েডিং প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
এ প্রকল্প নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। পিরোজপুর জেলার অর্থ কেলেঙ্কারির ঘটনায় এই প্রকল্প থেকে তৎকালীন অর্থ লুণ্ঠন কারি গ্রুপ একই অর্থবছরে কাজ না করে ৬০০ কোটি টাকার অধিক অর্থ লোপাট করে নিয়ে যান। বিষয়টি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার তদন্তাধীন রয়েছে বলে জানা যায়। সম্প্রতি বরিশাল বিভাগের ব্রিজ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শরিফ জামাল উদ্দিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে বরিশালে যোগদান করেন।
এই প্রেক্ষিতে ওয়েডিং প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার বরিশাল ব্রিজ প্রকল্পের প্রকল্প পরিচালক এর দায়িত্ব নিচ্ছেন বলে জানা গেছে। একই ব্যক্তির দুটি প্রকল্প যা বিধি-বিধান পরিপন্থী হয় কিনা খতিয়ে দেখার বিষয়।
অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পিএমইর দায়িত্বপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মোঃ শহীদুল ইসলাম সরকারকে তার প্রকল্পের জনস্বার্থ সংশ্লিষ্ট একটি তথ্যচিত্র প্রচারের অনুরোধ জানান। বিষয়টিতে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেনের অনুরোধ ছিল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার প্রধান প্রকৌশলীর অনুরোধ উপেক্ষা করে জনস্বার্থ সংক্রান্ত কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে নিজেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জাহির করেন।
এ বিষয়ে জানতে চাইলে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 




















