নরসিংদীর পলাশে বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়কে দেওয়া হচ্ছে আরসিসি ঢালাই। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সড়কের ওই ঢালাই বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ডাঙা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ অনিয়মের ঘটনা ঘটে।
ঘটনাটি দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। অনেকে মোবাইলফোনে এ অনিয়মের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র সমালোচনা। খবর পেয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাজের ত্রুটি দেখে ঢালাই তুলে পুনরায় কাজ করার নির্দেশ দেন।

নরসিংদী সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ পাল বলেন, ‘সড়কটি নির্মাণে কিছু গাফিলতি পাওয়া গেছে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা ত্রুটিপূর্ণ ঢালাই তুলে ফেলেছেন এবং নতুন করে সড়কটি নির্মাণ করে দেবেন।’
কাজে অনিয়মের কথা স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন। তিনি বলেন, ‘নির্মাণকাজের সময় হুট করে বৃষ্টি শুরু হওয়ায় কিছু ঢালাই পানির মধ্যে পড়ে যায়। পরে অবশ্য দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ওই অংশটি তুলে পুনরায় ঢালাই দেওয়া হচ্ছে।’
নিজস্ব প্রতিবেদক 










