উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বাতাসের তীব্রতাও বারতে শুরু করেছে। পুরো উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে উপকূলের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর ও পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এবং সব মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কুয়াকাটা সৈকতের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, গত দুই দিন ধরে বাতাসের তীব্রতা স্বাভাবিকের থেকে বাড়তি ছিল। এমনকি বাতাসের তীব্রতার কারণে সৈকতের শুকনো বালু এবং ধুলা উড়ে পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়েছে। এতে পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষদের স্বাভাবিক চলাফেরায় কিছুটা বিঘ্নতা ঘটেছে। তবে আজ সকাল থেকে বৈরী আবহাওয়ার প্রভাব শুরু হলে সৈকত থেকে আমাদের ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দোকানপাট উপরে উঠিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কুয়াকাটা পৌরসভার ৩নং লিম লিডার মো. সোলায়মান বিশ্বাস বলেন, সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের সব মানুষকে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সিপিপির সব স্বেচ্ছাসেবক ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং মাইকিংসহ বিভিন্নভাবে জনগণকে সতর্ক করা হচ্ছে। ঝড়ের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা এবং সরকারি নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।
এ বিষয় জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া পরিস্থিতি বিরূপ থাকতে পারে। এ সময়ে দমকা বাতাস, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ ছাড়া, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সাগর উত্তাল থাকতে পারে। তাই উপকূলীয় এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করেন এবং জেলে ও নৌযান সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। পাশাপাশি আবহাওয়া দপ্তরের সর্বশেষ নির্দেশনা ও সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করার জন্যও অনুরোধ করেন তিনি।
উপজেলা প্রতিনিধি 


















