গাইবান্ধার সাঘাটায় নিজ বাড়ির আঙিনায় গলায় রশি পেঁচিয়ে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন হানিফ মিয়া (৩০) নামে এক যুবক। মানসিক অসুস্থতায় পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসার ব্যবস্থা করা হলেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজার এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হানিফ মিয়া মানিকগঞ্জ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেলের সহকারী মেকানিক ছিলেন।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন কচুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী আকন্দ। তিনি জানান, হানিফ স্থানীয় বাজারে মোটরসাইকেল মেকানিকের সহকারীর কাজ করতেন। একটা পর্যায়ে ছেলেটি মাদকে আসক্ত হয়ে পড়ে। তবে, তার মানসিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসার ব্যবস্থা করা হলেও সুফল মেলেনি। ফলে পর্যায়ক্রমে মানসিক ভারসাম্য হারাতে থাকে হানিফ। এরমধ্যেই গত রাতে সবার অজান্তে বাড়ির আঙিনায় থাকা আঁতা গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। হানিফ স্ত্রীসহ সাত বছরের একটি পুত্র সন্তান আছে।
মরদেহ উদ্ধারের দায়িত্বে থাকা সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, স্থানীয়দের খবরে সকালে বাড়ির আঙিনায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছেলেটা মাদকাসক্তের পাশাপাশি মানসিক বিকারগ্রস্ত ছিল।
জেলা প্রতিনিধি 




















