মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় চারবার কালবৈশাখী ঝড় হয়েছে। এতে পল্লীবিদ্যুৎ সমিতির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিভিন্ন উপজেলায় গাছ ও বাঁশ পড়ে ১৯টি খুঁটি ভেঙে ২২৫ জায়গায় তার ছিঁড়ে গেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বেশিরভাগ গ্রামের মানুষ।
সরেজমিনে কমলগঞ্জ, রাজনগরসহ কয়েকটি এলকা ঘুরে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় অন্তত চারবার কালবৈশাখী ঝড় হয়। এতে অসংখ্য স্থানে গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। কমলগঞ্জের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ওপর বিশাল গাছ পড়ে লাইন ছিঁড়ে যায়। এ সময় তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়, শমশেরনগর বাজারে ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে খুঁটি ভেঙে পড়ে। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ও বাঁশ পড়ে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সব গ্রাহকদের ধৈর্য্য ধারন করে সমিতির কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় কয়েকবার কালবৈশাখী তাণ্ডবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও বিভিন্ন জায়গায় খুটি ভেঙে গেছে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য সমিতির জনবল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল সবাই সম্মিলিতভাবে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জেলা প্রতিনিধি 



















