কক্সবাজার সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুনী ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নান ও গঙ্গাপূজা করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী এ উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে পুণ্যার্থীদের ঢল নামে। দলে দলে পুণ্যার্থীরা বারুণী স্নাণ ও গঙ্গাপূজায় অংশগ্রহণ করেন।
বারুনী স্নানে পাপ মোচন হয়- এই বিশ্বাস থেকে প্রতি বছর এতে মিলিত হয় বিভিন্ন বয়সের নারী- পুরুষ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাপাঠ, ধর্মীয় আলোচনাসহ বিভিন্ন আয়োজন ছিল বারুণী স্নান উপলক্ষ্যে। অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
আলোচনা সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি সরকারের কোনো আমলেই সাম্প্রদায়িক হামলা হয়নি। বিএনপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়। কোনো ধর্মই বিদ্বেষ ছড়ায় না, সব ধর্মেই শান্তির কথা বলা আছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি নিজের মধ্যে মানুষের মধ্যে ঘৃণা ছড়ায়, যা একটি গর্হিত কাজ।
সামনে নতুন বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষকে একসাথে থাকার আহ্বান জানান তিনি। পুণ্যার্থীরা জানান, তারা পাপ মোচন ও পুণ্য লাভের আশায় স্নান করতে এসে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেছেন।
কক্সবাজার প্রতিনিধি 




















