নবাবগঞ্জের নাচোলে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না সরকারি কর্মকর্তারা। রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস করার কথা থাকলেও নাচোল ইউএনওসহ উপজেলার প্রায় ১০টি অফিসের প্রধানরা সরকারি নিয়ম মানছেন না।
রোববার উপজেলার বিভিন্ন সরকারি অফিসে সকাল ৯টায় গিয়ে এমনই দৃশ্য ধরা পড়েছে। নিয়মনীতি উপেক্ষা করে ইচ্ছেমতো অফিস করছেন উপজেলার বিভিন্ন দপ্তরের বেশির ভাগ কর্মকর্তা। এতে ভোগান্তির শেষ নেই সেবাপ্রত্যাশীদের। এলজিইডি অফিস, জনস্বাস্থ্য, নির্বাচন অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, পরিসংখ্যান, যুব উন্নয়ন কর্মকর্তা কেউই অফিসে আসেননি। এর মধ্যে কয়েকটি অফিস খোলা থাকলেও কোনো অফিসার নেই। কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে নতুন নিয়মে জানানো হয়, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টায় নিজ দপ্তরে উপস্থিত হতে হবে এবং নতুন সময়ে অফিসে বেলা সাড়ে ৩টা পর্যন্ত থাকতে বাধ্যতামূলক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী শৃঙ্খলা আইন ২০১৪ এ বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী পরপর দুদিন দেরিতে কার্যালয়ে এলে তার একদিনের মূল
বেতন কাটা যাবে। অফিসের সময় শেষ হওয়ার আগে বের হয়ে গেলেও একদিনের বেতন কেটে নেবে সরকার। কিন্তু আইনের প্রয়োগ নেই। আইনটি কাগুজে আদেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।
সকাল ১০ টায় অফিসে দেখা নেই ইউএনওসহ দশ অফিস প্রধানের
রোববার সকাল ১০টায় উপজেলার আমজোয়ান গ্রামের রহিম, সাদেকুল ইসলাম বলেন, আমরা উপজেলা নির্বাচন অফিসে এনআইডি কার্ডের জন্য এসেছিলাম; কিন্তু নির্বাচন কর্মকর্তা দুলালকে না পেয়ে বাড়ি চলে যাচ্ছি। রমজান মাসে এ এক চরম ভোগান্তি বলে জানান তারা। নাম না প্রকাশের শর্তে নাচোল উপজেলা সরকারি অফিসের এক কর্মচারী বলেন, ‘শুধু আজকে না, প্রতিদিন এসব কর্মকর্তা অফিস ফাঁকি দেন। এভাবে চলছে বহুদিন। আমরা কয়েকজন কর্মচারী শুধু অফিসে নিয়মিত থাকি। আইন সবার জন্য সমান হওয়া দরকার।’ নির্দিষ্ট সময়ে ইউএনও, এসিল্যান্ডসহ উপজেলার বেশির ভাগই কর্মকর্তাই উপজেলায় উপস্থিত ছিলেন না, যার ভিডিও ও স্থির চিত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। বেশির ভাগই কর্মকর্তা রাজশাহী থেকে কমিউটার ট্রেনে পৌনে ১১টার দিকে নাচোলে অফিসে আসেন বলে অভিযোগ রয়েছে সেবাগ্রহীতাদের। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, সরকারি নিয়ম রয়েছে, প্রতিটি সরকারি অফিসের কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে অফিসে এসে উপস্থিত হতে হবে। যারা এসব মানছেন না তাদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছে না নাচোলের ইউএনওসহ সরকারী কর্মকর্তারা
-
মোঃ মামুন হোসেন - আপডেট সময় ০৩:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- ৫৪৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























