টানা তিন ম্যাচ হারের বৃত্তে থাকা নোয়াখালী এক্সপ্রেস চতুর্থ ম্যাচে এসে গড়ল লজ্জার রেকর্ড। সিলেট টাইটান্সের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৬১ রানেই অলআউট হয়েছে নবাগত দলটি, যা চলতি বিপিএল আসরের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী। ইনিংসের শুরুটা অবশ্য বেশ ইতিবাচক ছিল। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলে ফেলে তারা। কিন্তু নাসুম আহমেদ আক্রমণে আসতেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়।
নাসুমের বলে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তারকা ব্যাটার সৌম্য সরকার। এরপরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত থ্রোতে রান আউট হন মুনিম শাহরিয়ার। খালেদ আহমেদের বলে হাবিবুর রহমান সোহান এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে অভিজ্ঞ মোহাম্মদ নবী দ্রুত বিদায় নিলে পাওয়ার প্লের মধ্যেই ৩০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নোয়াখালী।
দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলীও প্রতিরোধ গড়তে ব্যর্থ হন। দশম ওভারে নাসুমের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। হায়দারের বিদায়ে নোয়াখালীর বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়।
শেষদিকে আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারলে মাত্র ১৪.২ ওভারে ৬১ রানেই গুটিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের হয়ে একাই ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষকে ধসিয়ে দেন ম্যাচ সেরা পারফর্মার নাসুম আহমেদ।
ক্রীড়া ডেস্ক 
























