ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ সরকার। এর প্রতিবাদ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই চিঠিতে দেশের সব টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা বাংলাদেশের সাধারণ জনগণ ও ক্রিকেটপ্রেমীদের গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
জনগণের এই আবেগের প্রতি সম্মান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব ধরনের ম্যাচ এবং এ সংক্রান্ত যেকোনো অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে।
ক্রীড়া ডেস্ক 
























